‘উদ্যোক্তা হতে টাকা কোনো সমস্যা নয়’
উদ্যোক্তা হতে টাকা কোনো সমস্যা নয়, বরং একটা সঠিক আইডিয়া বেশি প্রয়োজন। সেই আইডিয়া যদি সঠিক হয় এবং তা নিয়ে যদি সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা থাকে তবে কখনোই অর্থের অভাব হয় না।
স্মার্ট বাংলাদেশ সামিট ও এক্সপোর প্রথম দিনের দ্বিতীয় সেশনে এসব কথা বলেন সেশনের বক্তারা। শুক্রবার বিকেলে ‘ড্রাইভিং ইকোনমিক গ্রোথ : দো ইনোভেটিভ ফিন্যান্সিয়াল স্ট্র্যাটেজিস’ নামে সেশনটি অনুষ্ঠিত হয়।
সেশনে উপস্থিত ছিলেন এটুআইয়ের চিফ স্ট্র্যাটেজিস্ট ফরহাদ জাহিদ শেখ, পিডব্লিউসি বাংলাদেশের কান্ট্রি ক্লায়েন্ট অ্যান্ড মার্কেটস লিড মামুন রশীদ, মিউচুয়াল স্ট্রাস্ট ব্যাংকের হেড অব ডিজিটাল ব্যাংকিং খালিদ হোসেন, এস ভেঞ্চারস কনসালটেন্সি প্রতিষ্ঠাতা ও সিইও সায়মা রহমান, ফ্লোরিস ভেঞ্চারসের অ্যানালিস্ট প্রণব মিত্র, শপআপের চিপ অব স্টাফ সৈয়দ মোসেয়েব আলম। সেশনটি সঞ্চালনা করেন বি পজিটিভ ফাউন্ডেশনের অথর, ট্রেইনার ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট আলতামিস নাবিল।
এটুআইয়ের চিফ স্ট্র্যাটেজিস্ট ফরহাদ জাহিদ শেখ বলেন, আইসিটি ডিভিশনের বিভিন্ন প্রকল্প, এমনকি এটুআই থেকে বিভিন্ন আইডিয়ার জন্য অনেক ফান্ডিং করা হয়। সেখানে কিন্তু দেখা হয় কোন আইডিয়াটি ভালো। তাতেই বিনিয়োগ করা হয়। তাই আইডিয়া ভালো হতে হবে।
অন্য বক্তারাও বিনিয়োগ বিষয়ে সবার আগে উদ্ভাবনী ধারণা বা আইডিয়া দেখেন। বক্তারা বলেন, তখনই তাদের বিনিয়োগ করা হয়, যখন দেখা যায় তাদের ধারণাগুলোর মধ্যে ভবিষ্যতে ব্যবসার সম্ভাবনা রয়েছে। এমন প্রয়োজনীয় ধারণাগুলো সমাজে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।







